খাদ্যে ফরমালিন মেশানোকে সামাজিক গণহত্যা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘মধু মাসে ফরমালিনযুক্ত ফল যেন ঢাকাবাসীকে কিনতে না হয় সে জন্য পুলিশের অভিযান চলবে।’


তিনি বলেন, ‘বুধবার থেকে রাজধানীর প্রবেশমুখের ৮টি স্থানে চেকপোস্ট বসিয়ে রাজধানীতে ফরমালিনযুক্ত ফল প্রবেশ করতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘পোস্তগোলা ব্রিজ, যাত্রবাড়ীর সাইনবোর্ড এলাকা, ডেমরা থানাসংলগ্ন সুলতান কামাল ব্রিজের পশ্চিম পাশে ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাটের ওয়াইজঘাট, গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে, আবদুল্লাহপুর ব্রিজ ও ধউর ব্রিজ এলাকায় বসবে পুলিশের চেকপোস্ট।’


ফরমালিন মেশানো খাবার শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই ক্ষতিকর জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযানে আমরা দেখেছি ফল ও অন্যান্য খাবারে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে ফরমালিন মেশানো হয়, যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সময় তিনি আরও বলেন, ‘কারও ক্ষতি করা পুলিশের উদ্দেশ্য নয় বরং সে জন্যই অভিযানের তিনদিন আগে সবাইকে সচেতন করে দিচ্ছি আমরা। কেউ যেন ফরমালিনযুক্ত ফল, খাবার উৎপাদন বা বিক্রির সঙ্গে কোনোভাবেই জড়িয়ে না পড়েন।’


ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ফরমালিন আমদানি ও খাদ্য সংরক্ষণে বিভিন্ন উপকরণ ব্যবহার রোধে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, আব্দুল জলিল মণ্ডল, মিলি বিশ্বাস, যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, উপ-কমিশনার মাসুদুর রহমান প্রমুখ।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.