প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে এসে অপরাধ করেননি এমন রাজনীতিক খুব কমই পাওয়া যাবে। তিনি মঙ্গলবার শুরু হওয়া বাজেট অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ওপর আনিত শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। শেখ হাসিনা অভিযোগের সুরে বলেন, ‘কোনো কোনো পরিবার একটু খানি অপরাধ করলেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চলে, অপপ্রচারকারীদের কিছুই হয় না। আবার ক্ষেত্র বিশেষে কোনো কোনো পরিবার অনেক বেশি অপরাধ করলেও তাদের বিরুদ্ধে একটি কথাও বলা হয় না।’

তিনি বলেন, ‘ওসমান পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুরু হয় নাসিম ওসমানের পিতা মরহুম শামসুযোহা খান ওসমানের হাত ধরে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তবে এই পরিবারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে। যখন যেই ক্ষমতায় এসেছে, এই পরিবারের ওপর আঘাত করেছে।’ তিনি বলেন, ‘যখন আযানে ধ্বনি শুনে মানুষ মসজিদে যায়, তখন খুনিরা ধানমন্ডির ৩২ নম্বরে যায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে।’

নাসিম ওসমান সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুর আগে ও আমার কাছে আসে। আমি ওকে ছোট্ট একটি কোরআন শরীফ দেই। ও খুব খুশি হয়েছিল।’তিনি নাসিম ওসমানের ছেলে-মেয়েদের দেখা-শোনার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যা সম্পর্কে বলেন, ‘দলেরই সদস্য খোন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। কিন্তু যারা জড়িত ছিল, তাদের ফাঁসি দিয়েছি। কর্নেল ফারুক বিবিসিতে সাক্ষাৎকারে বলেছিল- আমি বঙ্গবন্ধুকে হত্যা করেছি। কে আমার বিচার করবে। তার সাক্ষাৎকারেই বলেছিল এ হত্যায় জিয়ার সম্মতি ছিল।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র এখনও চলছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। আইন নিজস্ব গতিতে চলবে। কেউ অপরাধ করলে তার বিচার হবে। তবে বিশেষ কোনো পরিবারকে নিশ্চিহ্ন করা যাবে না।’এর আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.