![]() |
| পরমাণু বোমা বিস্ফোরণ (ফাইল ছবি) |
১৯৬১ সালে পরমাণু বোমার ধ্বংসলীলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সদ্য প্রকাশিত এক নথি থেকে জানা গেছে, বি-৫২ বোমারু বিমান থেকে দুর্ঘটনাক্রমে দু’টি অ্যাটম বোমা নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে পড়েছিল। কিন্তু বোমা দু’টি বিস্ফোরিত হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।
ঘটনাটি ঘটেছিলো ১৯৬১ সালের ২৪ জানুয়ারি। গোল্ডসবোরো শহরের আকাশে উড়ন্ত বি-৫২ বিমান থেকে দু’টো হাইড্রোজেন বোমা খসে সরাসরি ভূপৃষ্ঠে আঘাত হানে। ডান পাশের ডানায় গোলযোগ দেখা দেয়ায় মার্কিন বিমান বাহিনীর এ বিমানটি নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের এ শহরটির আকাশে ভেঙে দু’টুকরো হয়ে যায়। ওই ঘটনায় বিমানটির আট ক্রু’র পাঁচ জন প্রাণে বেঁচে যান। চলতি সপ্তাহে আমেরিকার জাতীয় নিরাপত্তা আর্কাইভ থেকে প্রকাশ করা নথি থেকে এ ঘটনার কথা জানা গেছে।
আকাশ থেকে পড়ার সময়ে একটি বোমার প্যারাস্যুট ঠিকমতো খুলে যায় এবং এটি নিরাপদে মাটিতে নামে। কিন্তু দ্বিতীয় বোমাটি তীব্র গতিতে নেমে আসে এবং মাটির সঙ্গে প্রচণ্ড ধাক্কা খাওয়ায় এটি বিস্ফোরণ ঘটার কাছাকাছি অবস্থায় চলে যায়। তবে সৌভাগ্যক্রমে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত যন্ত্রাংশ মাটিতে ধাক্কা খেয়ে অকেজো হয়ে যাওয়ায় বোমাটি আর বিস্ফোরিত হতে পারে নি।
চার মেগাটনের বোমাটি বিস্ফোরিত হলে আমেরিকার এ শহরটিতে ভয়াবহ ধ্বংসলীলা সৃষ্টি হতো। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা ফেলে যে ধ্বংসলীলা ঘটানো হয়েছিল তাও ছাড়িয়ে যেত এ ঘটনা। আমেরিকা জাপানের দুই শহরে যে দুইটি বোমা ফেলেছিল সেগুলো ছিল যথাক্রমে ০.০১ এবং ০.০২ মেগাটনের। ওই সব বোমার চেয়ে প্রায় আড়াইশ' গুণ বেশি বিস্ফোরণ ক্ষমতা ছিল নর্থ ক্যারোলিনায় দুর্ঘটনাক্রমে নিক্ষিপ্ত দুই হাইড্রোজেন বোমার।
সুত্র :( রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.





