ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো আজ (শনিবার) দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করে বলেছেন, লুগানেস্ক বিমানবন্দরে  অস্ত্রধারীদের গুলিতে সামরিক পরিবহন
বিমান ভূপাতিত করার যথোপযুক্ত জবাব দেয়া হবে। আজ সাবেক সোভিয়েত ইউনিয়নের
আমলে তৈরি সুপরিসর  সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ ভূপাতিত হয়ে কিয়েভের ৯
ক্রু এবং ৪০ সেনা নিহত হয়েছে। অবতরণের সময় বিমানটি ভূপাতিত হয় এবং এটি
সামরিক যন্ত্রপাতি এবং খাদ্যসামগ্রী বহন করছিল বলে ইউক্রেনের প্রতিরক্ষা
মন্ত্রণালয় জানিয়েছে।

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেন, যারা এমন
ভয়াবহ সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। ইউক্রেনের
শান্তি দরকার এ কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তি
দেয়া হবে।  এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মকর্তাদের জরুরি বৈঠক তলব
করেছেন তিনি।

এদিকে, ইউক্রেনের সামরিক মুখপাত্র বলেছেন, আইএল-৭৬’কে
কীভাবে 'বিচ্ছিন্নবাদীরা' ভূপাতিত করল সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত হবে; তবে
প্রাথমিক খবরে ধারণা করা হচ্ছে, এ ক্ষেত্রে স্টিংগার জাতীয় ক্ষেপণাস্ত্র
ব্যবহার করা হয়েছে।

মে মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক
অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণা করার পর তাদের বিরুদ্ধে
সেনা অভিযানে নেমেছে ইউক্রেন । গত মাসে দোনেতস্কের স্ল্যাভিয়ানস্ক শহরে
ইউক্রেনের একটি হেলিকপ্টার ভূপাতিত হয়ে সেনাবাহিনীর একজন জেনারেলসহ ১৪ জন
ইউক্রেনীয় সেনা নিহত হলেও এর আগে ইউক্রেনে একদিনে এতো সেনা নিহত হওয়ার ঘটনা
আর ঘটেনি। অবশ্য কিয়েভের সেনা অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক
ব্যক্তি নিহত হয়েছে।




(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.