বর্ষার প্রথম দিনেই বৃষ্টিতে সয়লাব রাজধানী। কয়েক ঘণ্টার বৃষ্টি আষাঢ়ের আগমনী বার্তা ভালভাবেই নগরবাসীকে জানান দিলো। আষাঢ় চিরকালই বাঙালির তপ্তপ্রাণে কোমলতার বাতাস এইভাবে বইয়ে দেয়। এবারও তাই ঘটলো। আষাঢ়ের প্রথম দিনে আজ বিকেলে নগরীতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা প্রবল বৃষ্টির পর সন্ধ্যার আগে কিছুটা কমে আসে। কিন্ত কিছুক্ষণ পরই আবার ঢল নামে। থেমে থেমে বৃষ্টির লুকোচুরি খেলা বর্ষা আগমনকেই যেন স্বাগত জানালো। আর রাজধানীর জনগোষ্ঠী ফিরে পেয়েছে, সেই চিরচেনা পরিবেশ।

রাস্তাঘাটে কমবেশি জলজটও হয়। রাজধানীতে কয়েক ঘণ্টা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। ধারাবাহিক অসহনীয় তীব্র তাপপ্রবাহ কেটে যায়। অফিস ফেরত লোকজন বাড়ির দিকে রওয়ানা হয়ে আটকা পড়ে। নগরীর ফুটপাতের সকল দোকানপাট গুছিয়ে ফেলা হয়। যানবাহন চলাচল কমে যায়। যানবাহনের সংকট হয়। দ্রুত ঘরে ফিরতে গিয়ে সব মানুষকেই বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু অনেক দিনের প্রাণঘাতি গরম কেটে যাওয়ায় পথচারীরা এ সব সমস্যাকে তেমন একটা আমলেই নেয়নি।

আবহাওয়া অফিস জানায়, বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হয় নগরীর প্রায় সব এলাকায়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। তা ছাড়া আষাঢ় মাসে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এ সময়ে বৃষ্টি না হওয়াটাই অস্বাভাবিক। আবহাওয়া অফিস আরো জানায়, ঢাকা ও এর আশপাশ এলাকায় একযোগে এই বৃষ্টি হয়েছে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হালকা দমকা হাওয়াও বয়ে যেতে পারে।





Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.